বিমানে দেরী করে ফেলার জন্য উঠতে পারেন নি তিনি সেই জন্য বিমান সংস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই কাণ্ডের ৪৮ ঘণ্টা পর সংশ্লিষ্ট বিমান সংস্থা প্রকাশ্যেই ক্ষমা চাইল টলিউড নায়িকার কাছে। শুধু তাই নয়, ইন্ডিগোর তরফে এও জানানো হয়েছে যে, এই ঘটনার পর একাধিকবার ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হয়েছে। তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে তারা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চান। ঠিক কোনও সময়ে ফোন করলে পাওয়া যাবে? সেকথাও জানতে চাওয়া হয়েছে বিমান সংস্থার তরফে বিমানে উঠতে দেওয়া হয়নি টলিউডের প্রথম সারির অভিনেত্রীকে।এই ঘটনার পরে ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক পেজ সরগরম। নির্ধারিত বোর্ডিং টাইমের থেকে মিনিট ১৫ দেরি করে ফেলেছিলেন তিনি। আর সেই জন্য ফ্লাইট-মিস হয় তার! বহু চেষ্টার পর তবে ভিন্ন রাজ্যে শুটিংয়ের জন্য পৌঁছতে পেরেছেন নায়িকা। ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। নীতিবোধ নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন খ্যাতনামা ওই বিমান সংস্থাকে। তবে প্রতিবাদ করেই বেজায় বিপাকে পড়েছেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিংয়ের বন্যা বয়ে গিয়েছে। শত ব্যস্ততার মাঝেও সেই সব কমেন্ট নজর এড়ায়নি নায়িকার। বৃহস্পতিবার ইন্ডিগোর ক্ষমা চাওয়ার পোস্ট প্রকাশ্যে নিয়ে আসার পাশাপাশি সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি Iঋতুপর্ণা সেনগুপ্তর মন্তব্য, “নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে বোর্ডিং গেট বন্ধ করে দেওয়া যেমন যাত্রীদের জন্য অসুবিধের, ঠিক তেমনই বিমান সংস্থার ভাবমূর্তির পক্ষেও ক্ষতিকারক। তবু ভাল, আপনারা ক্ষমা চেয়েছেন। ধন্যবাদ। তবে সেদিন ওই ঘটনার পর আমাকে ২টো অতিরিক্ত ট্রিপ করে গন্তব্যে পৌঁছতে হয়েছে। যার জন্য ১টা গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হয়েছে আমার। আশা করি, ভবিষ্যতে এরকম ভুল হবে না আপনাদের।”এখানেই অবশ্য থামেননি তিনি। বিতর্ক-সমালোচনার যে বন্যা বয়ে গিয়েছে, সে প্রসঙ্গে তাঁর মত, “সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তবে আমি কিন্তু সেদিন শুধু নিজের জন্য মুখ খুলিনি। বরং গোটা দেশের হয়ে প্রতিবাদ করেছিলাম। জরুরী কাজের জন্য অন্যত্র যাওয়া যেমন কসরতের, তেমনই অনেকটা আবেগও জড়িয়ে থাকে এর সঙ্গে। এমন অন্যায়ের জন্য আমি দুঃখ পেয়েছিলাম। আমি সকলের হয়ে আওয়াজ তুলেছিলাম।” ঋতুপর্ণার এমন মন্তব্যের পরও সোশ্যাল মিডিয়াতে নায়িকাকে নিয়ে ট্রোলিংয়ের কিন্তু শেষ হয় নি।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla