মঙ্গলবার বেলা ১২-৩০ নাগাদ আপ কল্যাণী লোকাল থেকে ব্যাগ পিঠে নিয়ে নামে এক যুবক। তখন নৈহাটি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে রুটিন চেকিং চলছিল। ওই যুবকের ব্যাগ খুলতেই রেল পুলিশের নজরে আসে বিপুল অংকের টাকা। খবর পেয়ে আয়কর দপ্তরের অধিকারিকরা রাতেই নৈহাটি জিআরপি থানায় এসে জিজ্ঞাসাবাদ করে। ধৃত যুবক অভিষেক সোনকার টিটাগড় এপি দেবী রোডের বাসিন্দা। বাড়ির পাশেই একটি সোনা গলানোর কারখানার কর্মী। বুধবার সকালে ব্যাঙ্কের অধিকারিকরা টাকা গোনার মেশিন নিয়ে আসেন। গণনা শেষে দেখা গেল, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৬১ লক্ষ ৩৫ হাজার চারশো টাকা। তদন্তে জানা গিয়েছে, ধৃত অভিষেক সোনকারের কাছ থেকে মিলেছে একটি পুরনো ১০ টাকার ছেঁড়া নোট। ছেঁড়া নোটটির অর্ধেক অংশ ছিল টাকা প্রাপকের কাছে।তদন্তকারীদের অনুমান, সংকেত হিসেবে দশ টাকার ওই ছেঁড়া নোট ব্যবহার করা হয়েছিল। নৈহাটি জিআরপি থানার আইসি বাসুদেব মল্লিক জানান, উদ্ধার হওয়া টাকা আয়কর দপ্তরের অধিকারিকরা নিয়ে গেছেন। তারাই বিষয়টি তদন্ত করছেন।
Naihati: নৈহাটিতে বিপুল পরিমাণ টাকা লেনদেনের সংকেত ছিল দশ টাকার ছেঁড়া নোট
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper