জামাইয়ের (Jalpaiguri) হাতে খুন হলেন শ্বশুর, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চিলকিপাড়া গ্রামে। জানা গেছে বছর দেড়েক আগে এই গ্রামের মৃগেন রায়ের কন্যা সুরভি রায়ের বিয়ে হয় পাশের মালিভিটা গ্রামের স্বপন রায়ের ছেলে বিপুল রায়ের সাথে। বিপুল ও সুরভির সাত মাস বয়সী এক শিশু কন্যা আছে। সুরভির মা জানান বিয়ের কিছুদিন পর থেকে বিপুল, তার মা ও বাবা নানান ভাবে সুরভির উপর নির্যাতন করতো। মাস দেড়েক আগে সুরভি নির্যাতন সইতে না পেরে শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। সোমবার রাত দশটা সাড়ে দশটা নাগাদ বিপুল তার শ্বশুর বাড়ি আসে ও জানতে চায় তার স্ত্রী এখানে কেন। এই নিয়ে শ্বশুর মৃগেন রায়ের সাথে তার বচসা বাঁধে। শ্বশুর মৃগেন রায় বিপুলকে বাড়ির বাইরে যেতে বলে বাড়ির গেট বন্ধ করতে চাইলে বিপুল ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর কে আঘাত করে। চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন ও বিপুলকে ছুড়ি হাতে দেখতে পেয়ে ধরে উত্তম মধ্যম দেন। জখম মৃগেন রায়কে তারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গনপ্রহারে জখম জামাই বিপুল রায়কে উদ্ধার করে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই বিপুল চিকিৎসাধীন। বিপুলের শ্বাশুড়ি জানান এই ঘটনায় তিনি ও তার তিন মেয়ে প্রচন্ড আতঙ্কে রয়েছেন। তার ধারনা বিপুল ছাড়া পেলে যে কোনো মুহুর্তে তাকে ও তার মেয়েদের খুন করতে পারে। তাই তিনি বিপুলের এই জঘন্য অপরাধ এর জন্য ফাঁসীর দাবি জানাচ্ছেন। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
Jalpaiguri: জামাইয়ের হাতে খুন শ্বশুর, চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper