রাজ্য রাজনীতি, দেশের মিডিয়া যাকে নিয়ে তোলপাড় সেই অর্পিতা মুখার্জি আজ এক রহস্যের নাম I চোখ কপালে উঠেছে সবার অর্পিতার বৈভব দেখে I নানা রকমের চমকপ্রদ রিলস ভিডিয়োতে তার ইনস্টাগ্রাম ঠাসা। সাজপোশাকও বেশ সুন্দর। এক্সপ্রেশনও দারুণ। প্রায় কুড়ি হাজার অনুরাগীও তার। গতকাল অর্থাৎ শুক্রবার অবধি তিনি নিজেকে পরিচয় দিতেন অভিনেত্রী হিসেবে। কিন্তু বিগত বেশ কিছু ঘণ্টায় তাঁকে ঘিরেই আবর্তিত , হচ্ছে রাজ্য রাজনীতি। তিনি অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি নগদ টাকা। বিদেশি মুদ্রা। বাবা সরকারী চাকুরে, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বেলঘরিয়ার দেওয়ানপাড়ার এই মেয়ের জীবন যেন সাক্ষাৎ ছবি। কেমন ছিলেন তিনি ? প্রতিবেশীরা জানিয়েছেন ছোট থেকেই তাঁর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল প্রবল ভাবে । অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। অভিনয়ের সুযোগও পেয়েছিলেন। কেরিয়ার গ্রাফ যে খুব একটা খারাপ পথে এগচ্ছিল এমনটাও বলা চলে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে মামা ভাগ্নে, বাংলা বাঁচাও সহ বেশ কিছু বাংলা ছবি। জিৎ-স্বস্তিকা অভিনীত পার্টনার ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।অভিনেতা রাহুল অরুণোদয় থেকে শুরু করে সাহেব ভট্টাচার্যের সঙ্গেও কাজ করেছেন এই অর্পিতা মুখার্জি। তাঁকে দেখা গিয়েছে বেশ কিছু ধারাবাহিকেও।কিন্তু ঘনিষ্ঠরা জানিয়েছেন, বড্ড তাড়া ছিল তাঁর। কেরিয়ারের শুরুতে নিজের গাড়ি ছিল না । ডানলপ থেকে টালিগঞ্জ আসতেন ট্যাক্সি চেপেই। চাইলেই সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন একটা শর্ট কাট রাস্তা।দক্ষিণ কলকাতা বিজেপি-র বর্তমান প্রেসিডেন্ট সংঘমিত্রার পরিচালনায় ডকু-ফিচার ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’-এ কাজও করেছিলেন অর্পিতা। ২০১৩-র শেষে সংঘমিত্রা যোগদান করেন বিজেপি-তে। তিনি জানিয়েছেন তখন থেকেই নাকি একদা বন্ধু অর্পিতার সঙ্গে যোগাযোগ কমে আসতে থাকে তাঁর।সোশ্যালাইজ়িং,পার্টি বেশ পছন্দ ছিল তাঁর। টবিনরোড রয়েছে তার একটি নেল আর্ট পার্লারও। সাজগোজ, বিলাসবহুল জীবনে ক্রমেই যেন অভ্যস্ত হয়ে পড়েন তিনি। মায়ের সঙ্গেও বাড়ে দূরত্ব। বাবাও প্রয়াত হন। সেই অর্পিতার নামই শুক্রবার থেকে টিভিতে দেখে আঁতকে উঠছেন এলাকাবাসীরাও। মায়ের গলাতেও হতাশা। মেয়ের এ হেন কীর্তি যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর।খুব দ্রুত ওপরে উঠতে গিয়ে অর্পিতা মুখার্জি কী জড়িয়ে পড়লেন এক দুর্নীতির চক্রব্যুহে? সময়ই দেবে এর উত্তর কিন্তু তিনি তৈরি করলেন অনেক অজানা প্রশ্নের I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper