
তোলা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে চড় মারার অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী জগদ্দলের থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর উকিল বাগান এলাকার বাসিন্দা। অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ভাটপাড়ার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুন ব্রহ্ম। যদিও তিনি ২৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর গুড়দহ শীতলা মন্দির এলাকার বাসিন্দা। আক্রান্ত তাপস বিশ্বাসের বাইকের শোরুম আছে। পাশাপাশি তিনি নিজেকে তৃণমূল কর্মী হিসেবেও দাবি করছেন। মার খাওয়ার পর থেকেই পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, ভাটপাড়ার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতায় গ্যাস গোডাউনের পাশে তাপস-সহ চার-পাচঁজন মিলে ৮ কাঠা জমি কিনেছেন। আক্রান্তের অভিযোগ, কাউন্সিলর অরুন ব্রহ্ম ২৫ দিন আগে তার কাছে ১২ লক্ষ টাকা দাবি করেছিল। পাঁচদিন বাদেই ওই কাউন্সিলরকে তিনি দুই লক্ষ টাকা দেন। আক্রান্তের আরও অভিযোগ, এদিন সকালে তাকে ডেকে পাঠিয়ে বাকি দশ লক্ষ টাকা দাবি করেন ওই কাউন্সিলর। টাকা দিতে অস্বীকার করলে কাউন্সিলর তাকে সপাটে চড় মারেন বলে অভিযোগ তাপস বিশ্বাসের। যদিও জগদ্দল থানায় অভিযোগ জানাতে গেলে, অভিযোগ নেওয়া হয়নি অভিযোগ আক্রান্তের। বিষয়টি তিনি পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রীর কাছে ইমেল করে পাঠান। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর অরুন ব্রহ্ম বলেন, ওর অভিযোগ ভিত্তিহীন। ওর কাছ থেকে অনেকেই জমি কিনেছেন। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেননি। দুপক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছিল। কিন্তু মীমাংসার আসরে কথা অনুযায়ী, ওনি তা মানছেন না। কথা দিয়ে কেন কথা রাখেনি, এটা বলতেই তাপস তাঁর দিকে তেড়ে আসে। তখনই ওকে একটা থাপ্পড় মেরেছি বলে দাবি করলেন তৃণমূল কাউন্সিলর। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, অরুন ব্রহ্মের রেপুটেশন সকলেরই জানা। ওনার এলাকায় এই ধরনের ঘটনা আকছার ঘটে। কিন্তু এবারে থাপ্পড় মারায় ঘটনাটি প্রকাশ্যে এসেছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper