সোমবার , আগস্ট 31 2026
Breaking News

Alipurduar: পাথর বোঝাই ট্রাক্টর আটক ,গ্রেপ্তার চালক

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পাথর বোঝাই ট্রাক্টর আটক ,গ্রেপ্তার চালক বৈধ নথিপত্র (Alipurduar) ছাড়াই পাথর পরিবহণের অভিযোগে একটি ট্রাক্টর আটক করল শামুকতলা থানার ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। ঘটনায় ট্রাক্টরের চালককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরটি আটক করে। পরে সেটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভাটিবাড়ি ফাঁড়ির এএসআই বিকাশ দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর আসে, বৈধ নথিপত্র ছাড়াই একটি ট্রাক্টরে করে পাথর পরিবহণ করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের সময় পাথরবোঝাই ট্রাক্টরটির সন্ধান মেলে। প্রয়োজনীয় বৈধ নথিপত্র দেখতে চাওয়া হলে চালক তা দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। এরপরই ট্রাক্টরটি আটক করা হয় এবং পরবর্তী সময়ে সেটি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ট্রাক্টরের চালক গোপাল রায়কে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বারবিশার পূর্ব চকচকা এলাকায় বলে জানা গিয়েছে। পাথর পরিবহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকা এবং আইন ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনানুগ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে পাথরসহ বিভিন্ন খনিজ সম্পদ পরিবহণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই ধরনের বেআইনি পরিবহণ বন্ধ করতে আগামী দিনেও নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পুলিশি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত গোপাল রায়কে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।