বুধবার রাতে দক্ষিনেশ্বর থানার আদ্যাপীঠ এলাকায় একটি চায়ের দোকানে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত এক মহিলা-সহ চারজন। অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় দুষ্কৃতী অরিত্র ঘোষ ওরফে বুম্বা চায়ের দোকানদারকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, কৃষ্ণেন্দু ঘোষ, ধলু দত্ত, ছোট বুম্বা-সহ আরও কয়েকজনকে দোকানে বসতে দেওয়া যাবে না। দোকানদার অমল কান্তি চক্রবর্তীর অভিযোগ, বুধবার রাতে আচমকা চারজন এসে তাকে হাত ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করেছিল। তখন খদ্দের কৃষ্ণেন্দু ঘোষ ওদেরকে বাধা দেয়। বাধা পেয়ে ওরা বুম্বাকে ফোন করে ডাকে। এরপর বুম্বা ও তার দলবল কৃষ্ণেন্দু ঘোষকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেইসময় পাশে দাঁড়িয়ে থাকা প্রলয় চক্রবর্তী প্রতিবাদ করলে তাকে পিস্তলের বাট দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। হামলা ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন প্রলয় চক্রবর্তীর স্ত্রী এবং পার্থ মজুমদার নামে এক যুবকও। এমনকি হামলাকারীরা ওই চায়ের দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। মারধোরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাতেই দক্ষিণেশ্বর থানায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে আক্রান্ত প্রলয় চক্রবর্তীর স্ত্রী দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ ইতিমধ্যেই ঘটনায় যুক্ত অভিজিৎ ধরকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত বাকিদের পুলিশ খোঁজ চালাচ্ছে। যদিও অভিযুক্ত অরিত্র ঘোষ ওরফে বুম্বার দাবি, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কামারহাটি শহর তৃণমূল সভাপতি নবীন ঘোষাল বলেন, এঁরা কেউ তৃণমূল করে না। ওরা স্থানীয় দুষ্কৃতী। তদন্ত করে অভিযুক্তদের ধরতে প্রশাসনকে বলেছি।
Dakshineswar: দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ এলাকায় চায়ের দোকানে দুষ্কৃতী হামলা, দোকানে ভাঙচুর, জখম ৪
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper