বৃহস্পতিবার রাতে (Alipurduar) আলিপুরদুয়ার জেলার পুঁটিমারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান খয়ের কাঠ উদ্ধার করেন বন কর্মীরা। জানা গেছে বন কর্মীরা খবর পান যে এলাকায় খয়ের কাঠ পাচারে সক্রিয় রয়েছে একটি পাচার চক্র। এ খবর পাওয়ার পর থেকেই বন কর্মীরা এলাকায় নজরদারি শুরু করেন। বৃহস্পতিবার রাতে নজরদারি চালানোর সময় বন দপ্তরের জলদাপাড়া দক্ষিন রেঞ্জের কর্মীরা পুঁটিমারিতে দুটি সন্দেহভাজন গাড়ী আটক করে তল্লাশী চালান। গাড়ি দুটির মধ্যে একটি বড় ক্যান্টার গাড়ি আর অপরটি ছোট চার চাকার গাড়ি। বন কর্মীদের অনুমান ছোট গাড়িটি বড় গাড়িটিকে এস্কর্ট করে নিয়ে আসছিলো। তল্লাশীতে ক্যান্টার গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমান খয়ের কাঠ। উল্লেখ্য পানের সাথে যে খয়ের খাওয়া হয় তা এই কাঠ থেকেই তৈরি হয়, শুধু তাই নয়, এই খয়ের কাঠ এর নির্যাস দামী রঙ তৈরিতেও ব্যবহার হয়।ডুয়ার্স এর জঙ্গল সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় প্রচুর খয়ের গাছ জন্মায়। বর্তমানে অসাধু কারবারীদের দৌরাত্মে খয়ের গাছের সংখ্যা কমে এসেছে। খয়ের কাঠ উদ্ধার করে গাড়ি দুটি বাজেয়াপ্ত করেন বন কর্মীরা। গাড়িতে থাকা ছয় জনকে ধরা হয়। ধৃতরা হলো যশপাল (৫৩), রোহিত (২৩) দুজনেই হিমাচল প্রদেশের বাসিন্দা, মহম্মদ সোহেল (৩১) ও সোহেল রানা (২৪) দুজন কোচবিহারের বাসিন্দা, স্বপন দাস (৩৪) জলপাইগুড়ির এবং মনু কুমার (২৫) বিহারের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে বন ও বন্য প্রাণী আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হবে। এদের সাথে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের পাচার চক্রের সম্পর্ক আছে কিনা তার তদন্ত শুরু করেছেন বন কর্মীরা।
Alipurduar: পাচারের পথে উদ্ধার প্রচুর খয়ের কাঠ,বাজেয়াপ্ত দুটি গাড়ি, গ্রেপ্তার ছয়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper