বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (Elephant) মৃত্যু হল একটি বুনো হাতির। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া বনবস্তিতে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে বনবস্তির এক বাসিন্দাকে। বন বিভাগ জানিয়েছে, ধৃতের নাম মিলন শর্মা। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঙ্গলবার রাতে মাঝ বয়সী ওই পুরুষ হাতিটির মৃত্যু হয়। বুধবার বিষয়টি নজরে আসে বন বিভাগের কর্মীদের। ঘটনার তদন্তে নেমে বন বিভাগ জানতে পারে, বালাপাড়া বনবস্তির বাসিন্দা মিলন শর্মা তার সুপারি ও কলাবাগানের রক্ষার জন্য বৈদ্যুতিক তার লাগিয়েছিলেন। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়। এরপর বুধবারই মিলন শর্মাকে গ্রেফতার করে বন বিভাগ। এদিকে, বৃহস্পতিবার বালাপাড়া বিটের জঙ্গলে মৃত ওই হাতিটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হাতির দেহের ময়নাতদন্তও করা হয়েছে।অভিযোগ, কলাবাগান, সুপারি বাগান সহ অন্যান্য আবাদ হাতির আক্রমণে হাত থেকে বাঁচাতে অবৈধভাবে বৈদ্যুতিক লাইনের ব্যবহার করছেন বিভিন্ন বনবস্তি এলাকার মানুষ। ভল্কা রেঞ্জের অন্তর্গত বালাপাড়া বনবস্তিতে হাতির মৃত্যুর ঘটনা অন্তত তাই প্রমাণ করে। এক্ষেত্রে বন বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বন বিভাগের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা টেলিফোনে বলেন, ‘বালাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঝ বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। যেই ব্যক্তির বাগানে লাগানো বিদ্যুতের তারে হাতিটির মৃত্যু হয়েছে, তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রুখতে বনবস্তির মানুষদের বন বিভাগের তরফে সচেতন করা হবে।’
Elephant: চেংমারির বালাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু ,গ্রেফতার ১
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper