এবার ঘরে বসেই অনলাইনে (Alipurduar) জনগণনার তথ্য জমা দিতে পারবেন সাধারণ মানুষ। আগামী ১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত নির্দিষ্ট সেন্সাস পোর্টালে প্রবেশ করে নিজেই তথ্য পূরণ করার সুযোগ মিলবে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’-য় সাংবাদিক বৈঠকে এ কথা জানান জেলা শাসক ময়ূরী ভাসু।তিনি জানান, ১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে সেলফ এনিউমারেশন পর্ব। এই সময়ে নির্দিষ্ট পোর্টালে গিয়ে পরিবার ও বাসস্থান সংক্রান্ত মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। সমস্ত তথ্য পূরণ করে জমা দিলে একটি ইউনিক আইডি পাওয়া যাবে, যা সংরক্ষণ করে রাখতে হবে।জেলা শাসক জানান, ১৬ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জনগণনার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সেই সময় সংশ্লিষ্ট বাসিন্দাদের ওই ইউনিক আইডি দেখাতে হবে। এরপর এনিউমারেটররা তথ্য মিলিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।আলিপুরদুয়ার জেলায় জনগণনার কাজে মোট ২,৭৭১ জন কর্মী নিয়োগ করা হয়েছে। বর্তমানে তাঁদের প্রশিক্ষণ চলছে।ময়ূরী ভাসু বলেন, “জনগণনার পুরো প্রক্রিয়াকে ডিজিটাল করা হচ্ছে। এর ফলে তথ্য সংগ্রহে স্বচ্ছতা বাড়বে এবং ভুলভ্রান্তির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।”
Alipurduar: ঘরে বসেই করা যাবে জনগণনার তথ্য জমা
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla