বোমাবাজির রেশ কাটিয়ে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুল। সোমবার দুপুরে বোমাবাজির ঘটনার তদন্তে টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে আসেন তিন সদস্যের ফরেনসিক টিম। এদিন তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। তাছাড়া বহুতলের যেখান থেকে ওই স্কুলের ছাদে বোমা ছোড়া হয়েছিল। তার দূরত্ব ফিতে দিয়ে মেপে দেখলেন তদন্তকারীরা। ফরেনসিক টিমের প্রধান ড: দেবাশীষ সাহা বলেন, তারা নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু ল্যাবরেটরিতে পরীক্ষা না হওয়া পর্যন্ত এই মুহূর্তে কিছুই বলা যাবে না। প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর বেলা ১১-৪৫ মিনিট নাগাদ বোমার আওয়াজে কেঁপে উঠেছিল গোটা স্কুল চত্বর। ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। ধৃতদের মধ্যে তিনজনই ওই স্কুলের প্রাক্তন ছাত্র। এদিন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দলও স্কুল পরিদর্শনে আসেন। তারা প্রধান শিক্ষক-সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। পড়ুয়াদের মনে ভয়-ভীতি আছে কিনা, সেটাও তারা খতিয়ে দেখেন। স্কুলে নজরদারি বাড়ানোর জন্য তারা স্কুল কর্তৃপক্ষকে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দিলেন। তবে ঘটনার দিন পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা স্কুলের প্রধান শিক্ষকের প্রশংসা করলেন।
Titagarh: টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাবাজি ঘটনার তদন্তে ফরেনসিক টিম
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper