আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের আতপুর নতুনপাড়ায় জোরকদমে চলছিল পুকুর ভরাটের কাজ। অভিযোগ, সাদা বালি ফেলে জলাশয়টিকে ভরাট করা হচ্ছিল। অবশেষে নড়েচড়ে বসে ভাটপাড়া পুরসভা। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিধায়ক ও কাউন্সিলর এবং ভাটপাড়া পুরসভার অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর ভরাটের কাজ রুখে দেন। এমনকি জেসিবি দিয়ে ভরাট হয়ে যাওয়া পুকুর থেকে মাটি খুঁড়ে তোলার কাজও শুরু হয়। পুকুর ভরাটের ক্ষেত্রে অভিযোগ উঠেছে তৃণমূল যুব নেতা রাজ বিশ্বাসের বিরুদ্ধে। পুকুর ভরাট প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি বলেন, জলাশয়টিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পাশাপাশি ভরাটের কাজে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হবে। তবে রাজ বিশ্বাসের দাবি, ওটা পুরো শালি জমি। ডোবা কিংবা পুকুর নয়। নিচু জমি বলেই মাটি ফেলে ওই জমিটিকে উঁচু করা হচ্ছিল। প্রায় কুড়ি দিন আগে থেকে ওই জমিটি উঁচু করার কাজ শুরু হয়েছিল। তখন কেন স্থানীয় কাউন্সিলর কোনও পদক্ষেপ নিলেন না, প্রশ্ন রাজ বিশ্বাসের। রাজের দাবি, ওই কাজ বাবদ কাউন্সিলরকে টাকাও দেওয়া হয়েছিল। পুনরায় ওনি টাকা চেয়েছিলেন। কিন্তু সেই টাকা দিতে রাজি না হওয়ায় কাজকে বন্ধ করে দেওয়া হল। যদিও টাকা নেওয়ার কথা মানতে রাজি নন স্থানীয় কাউন্সিলর। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য দাবি করেছেন, এবার কড়া পদক্ষেপ নিলে পরবর্তীকালে কেউই পুকুর ভরাট করার সাহস পাবে না।
Bhatpara: ভাটপাড়ার ২০ নম্বর ওয়ার্ডে আতপুর নতুন পাড়ায় পুকুর ভরাটের কাজ রুখে দিল পুরসভা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper