ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের প্রাক্তন মালিক পবন কুমার কানোরিয়া মারা গেছে। এই গুজবে সোমবার সকাল থেকে মিলের সমস্ত বিভাগের উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। যদিও খবর নিয়ে জানা যায় মিলের প্রাক্তন মালিক সুস্থ আছেন । তারপর শ্রমিক সংগঠনের নেতারা মিলের গেটে এসে শ্রমিকদের কাজে যোগ দিতে আহ্বান করেন। এদিকে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা সাময়িক বন্ধের নোটিশ দেখে ক্ষেপে যান। মিল খোলার দাবিতে তারা মিলের গেটের সামনে রাস্তা অবরোধ করে বসে পড়েন। ভাটপাড়া থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
অভিযোগ, জোর করে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। ৪০ মিনিট রাস্তা অবরোধের পর ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেন। মিলের ভারতীয় মজদুর সংঘের নেতা সঞ্জয় সাহা বলেন, পুজোর মুখে কোনওরকম আলোচনা ছাড়াই মিল কর্তৃপক্ষ মিলটা বন্ধ করে দিল। সঞ্জয় বাবুর দাবি, আগে মিলটা চালু করা হোক। আর যারা গুজব ছড়িয়েছে তাদের সনাক্ত করে মালিক পক্ষ শাস্তি দিক। সাংসদ অর্জুন সিং বলেন, মালিককে বলেছি অবিলম্বে মিল চালু করতে। প্রয়োজনে তিনি রাজ্যের শ্রমমন্ত্রীকেও জানাবেন। জানা গিয়েছে, স্থায়ী-অস্থায়ী মিলে ওই মিলে সাড়ে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।
Bhatpara: পুজোর মুখে বন্ধ ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, কাজ হারালেন সাড়ে পাঁচ হাজার শ্রমিক
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla